শব্দভিত্তিক গেম ‘ওয়ার্ডল’ কিনে নিয়েছে নিউইয়র্ক টাইমস

আলোচিত শব্দভিত্তিক গেম ‘ওয়ার্ডল’ কিনে নিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। সফটওয়্যার প্রকৌশলী জশ ওয়ার্ডল তার সঙ্গী পলক শাহ’র জন্য গেমটি তৈরি করেন এবং কয়েক মাসের মধ্যেই জনপ্রিয় হয়ে যায় গেমটি। যাত্রা শুরুর চার মাসের মধ্যেই গেমটি বড় অঙ্কের বিনিময়ে অধিগ্রহণ করেছে নিউইয়র্ক টাইমস। অধিগ্রহণের অঙ্কটি প্রকাশ করা না হলেও সেটি সাত ডিজিটের বলে উল্লেখ করা হয়েছে।

গেমটি ভাইরাল হওয়ার বিষয়ে নিজে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন উল্লেখ করে জশ ওয়ার্ডল বলেন, ‘সত্যি বলতে গেমটি যে এভাবে জনপ্রিয় হয়ে উঠবে সেটা আমি ভাবিনি। বরং উল্টো কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম এবং একটা বাড়তি দায়িত্ব মনে হয়েছে খেলোয়াড়দের জন্য। 

তবে অধিগ্রহণটি করে খুশি দ্য নিউইয়র্ক টাইমসের ক্রসওয়ার্ড এডিটার উইল শর্টজ। তিনি বলেন, ‘এটা দারুণ একটা পাজল গেম। সবচেয়ে বড় ব্যাপার গেমটি খেলতে বেশি সময় লাগে না যা বর্তমান সময়ের দ্রুত মনযোগ সরে যাওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য বেশ উপকারী।’