‘আমি সৌভাগ্যবান, ওনার কোলে বসার সুযোগ পেয়েছি’ 

আমার মাত্র ৯ বছর বয়সে লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। সম্ভবত ১৯৯০ কিংবা ৯১ হবে। কলকাতার ৪০০ বছর নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় শ্রদ্ধেয় রুনা লায়লা আন্টি, আব্বু (আলাউদ্দিন আলী), ভূপেন হাজারিকাসহ কিংবদন্তী লতা মঙ্গেশকরকে। 

মনে আছে, রুনা আন্টির মাধ্যমে লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করেছিলাম। তার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি ছিল ২০ থেকে ২৫ মিনিটের মতো। বয়স কম থাকায় হয়তো সেই মুহূর্তটা অতটা বুঝতে পারিনি। এখন বুঝি কতটা সৌভাগ্যবান আমি, সেটা ছোটবেলায় লতাজির মতো একজন ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়েছে আমার। 

সেদিন আমরা লতাজির সঙ্গে একই হোটেলে ছিলাম। রুনা আন্টি আমাদের নিয়ে যাবেন লতা মঙ্গেশকরের রুমে। ওনার হোটেল সু্যইটে বসলাম। উনি রুম থেকে বের হতেই সবাই দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ কথা, তারপর ছবি তোলার পালা। তিনি নিজেই তার পাশে আমাকে আদর করে বসালেন, ছবি তুললেন। এখন অনুধাবণ করতে পারি যে, আমি আসলে কতটা লাকি, ওনার কোলে বসার সুযোগ পেয়েছি। 

লেখক: সংগীতশিল্পী