চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জায়েদ খান

শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সোমবার (৭ ফেব্রুয়ারি) তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।

এর আগে রবিবার জায়েদ খান বলেন, ‘আমি এখনও ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। এফডিসিতে নিপুণ বহিরাগত ছেলেদের নিয়ে এসে গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন, এ কারণে আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি। ১৭৬ জন ভোটার আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছে। এর সম্মান আমাকে রাখতেই হবে।’

জায়েদ রও বলেন, ‘আপিল বোর্ডের কোনো ভ্যালু নেই। তারা এ রকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না৷ এটা (প্রার্থিতা বাতিলের ঘোষণা) আইন বহির্ভূত, পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।’

উল্লেখ্য, নির্বাচনের সময় ‘ভোট কেনার’অভিযোগ তুলে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের আবেদন করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। এমনকি এই পদে পুনরায় ভোটের দাবিও তোলেন তিনি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কী না- সে বিষয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে এফডিসিতে বসেন শিল্পী সমিতির আপিল বোর্ড। আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জায়েদ খানের প্রার্থীতা বাদ করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।