রংপুর নগরীর শাপলা এলাকায় সড়কে পড়ে রয়েছে আপন মিয়ার নিথর দেহ, পাশেই বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানি কিনে গ্যারেজে ফিরছিলেন আপন মিয়া (২২)। কিন্তু পথি মধ্যেই ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি। রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রংপুর নগরীর শাপলা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আপন মিয়া নগরীর আনছারী মোড় এলাকার ফরিদ উদ্দিনের ছেলে এবং পেশায় মোটর মেকানিক।
পুলিশ জানায়, নগরীর কলেজ রোড ট্রাকস্ট্যান্ড সংলগ্ন গ্যারেজ থেকে শাপলা চত্বরে গিয়ে বিরিয়ানি কিনে মোটরসাইকেল যোগে গ্যারেজে ফিরছিলো আপন মিয়া। এ সময় সড়ক পার হতে গিয়ে পেছন দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করা হয়েছে।