রাশিয়াকে ঠেকাতে পোল্যান্ডে মার্কিন সেনা

ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি ইউক্রেনে যেকোনো মুহুর্তে হামলা চালাতে পারে বলে পশ্চিমা বিশ্বের শঙ্কা। এ নিয়ে রাশিয়াকে ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এরই জবাবে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে সহযোগিতা করার জন্য মার্কিন সেনা পোল্যান্ডে পৌঁছেছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) পোল্যান্ডে মার্কিন সেনাদের একটি উড়োজাহাজ অবরতণ করেছে।

জোসজোও-জেসিওঙ্কা বিমানবন্দরের একটি সূত্র বলেছে, মার্কিন সেনাবহনকারী আরও দুটি উড়োজাহাজ আজ সোমবার পোল্যান্ডে যাওয়ার কথা। এছাড়া আরও কয়েকটি সেনাবহনকারী উড়োজাহাজ আজ দিন শেষে দেশটিতে যাওয়ার কথা।

এদিকে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন,  ইউক্রেনে পুরোমাত্রায় আগ্রাসনের জন্য সামরিক সক্ষমতার প্রায় ৭০ শতাংশই প্রস্তুত রেখেছে রাশিয়া।  

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ৫০ হাজারের বেশি বেসামরিক লোকের মৃত্যু হতে পারে। হামলার ৭২ ঘণ্টার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে। এতে দেশ ছেড়ে পালাবে লাখো মানুষ। শরণার্থী সংকট হবে ইউরোপে।