বিমান বাহিনীর ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা বৃহস্পতিবার টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে সমাপ্ত হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৪০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি বাশার দল ৭২০ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাশার দলের স্কোয়াড্রন লিডার মো. লায়নুজ্জামান নোমান রাইফেল ফায়ারিং এ ১৪৯ এবং পিস্তল ফায়ারিং এ ১১৪ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হয়েছেন। বিমান বাহিনীর ৭টি দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে গত ২৪ এপ্রিল স্থানীয় ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।