রানি হওয়ার ৭০ বছর পূর্তি বা প্লাটিনাম জুবিলিতে ছেলে প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলাকে ‘কুইন কনসর্ট’ উপাধি দিয়েছেন দ্বিতীয় এলিজাবেথ| তার মৃতু্যর পর ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। চার্লস রাজা হলে ক্যামিলা ‘কুইন কনসর্ট’ হবেন। কিন্তু কেন রানি দ্বিতীয় এলিজাবেথ এই সিদ্ধান্ত নিলেন তার কিছু কারণ ব্যাখ্যা করেছেন রাজপ্রাসাদ বিষয়ে বিশেষজ্ঞ ও ঐতিহাসিক রবার্ট ল্যাসি।
যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিন এ সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে। নিজের প্লাটিনাম জুবিলিতে ৯৫ বছর বয়সি রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, ‘যখন সময় আসবে তখন আমার ছেলে প্রিন্স চার্লস রাজা হবেন। আশা করি আমাকে আপনারা যেভাবে সহায়তা দিয়েছেন, সেভাবেই প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলাকে সহায়তা করবেন। আমার প্রবল আগ্রহ যে, প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলা কুইন কনসর্ট হবেন। যেহেতু সে রাজদায়িত্ব পালন করেছে।’
রাজপ্রাসাদ বিষয়ক বিশেষজ্ঞ রবার্ট ল্যাসির মতে, রানি কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং তিনি ভবিষ্যতের দিকে তাকিয়েছেন। রানি তার বাবা ষষ্ঠ জর্জের কথা চিন্তা করেছেন এবং ঐ সময় তার মা কী ধরনের ভূমিকা পালন করতেন সেই বিষয়টি বিবেচনায় এনেছেন। ল্যাসি বলেন, গত বছরের এপ্রিলে রানির স্বামী প্রিন্স ফিলিপ মারা যান। তাদের ৭৩ বছরের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে। তিনি হয়তো কিছু সমস্যা কুইন কনসর্টের হাতে দিতে চান। ২০১৬ সালে রানি ক্যামিলাকে প্রিভি কাউন্সিলের সদস্য এবং গত বছর অর্ডার অব দ্য গার্টারের সদস্য করেছিলেন।
ল্যাসি বলেন, বহুদিন ধরেই এই প্রশ্নটি নিয়ে বিতর্ক হচ্ছিল যে, ক্যামিলার ভূমিকা কী হবে যখন প্রিন্স চার্লস রাজা হবেন। সেই সমস্যার সমাধান তিনি গত ৬ ফেব্র‚য়ারি এক বিবৃতির মাধ্যমে করলেন। ল্যাসি বলেন, অনেকে হয়তো মনে করতে পারেন যে রানি হয়তো পেছনের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বাস্তবে তিনি সামনের দিকে তাকিয়েই ইতিবাচক সিদ্ধান্তটা নিয়েছেন। ২০০৫ সালে ক্যামিলাকে বিয়ে করেন প্রিন্স চার্লস। তখন ক্যামিলার উপাধি হয় ‘প্রিন্সেস কনসর্ট’।