চট্টগ্রাম বন্দর থেকে গতকাল সোমবার প্রথম বারের মতো একটি কনটেইনারবাহী জাহাজ ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেছে। অপরাহ্নে চট্টগ্রাম বন্দরের এনসিটির ৪ নম্বর জেটি থেকে ৯৫২ টিইইউস পণ্যভর্তি কনটেইনার নিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইতালির রাভিনা বন্দরের পথে যাত্রা করে। চারটি বাইকেলসহ তৈরি পোশাকভর্তি কনটেইনারবাহী জাহাজটি ১৬/১৭ দিনের মধ্যে রাভিনা বন্দরে পৌঁছাবে।
উক্ত বন্দর থেকে পার্শ্ববর্তী ইউরোপের অন্যান্য দেশে সড়কপথে বেশ কিছু কনটেইনার পৌঁছাবে বলে জানা যায়।
সোঙ্গা চিতা জাহাজটির যাত্রাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহজাহান সাংবাদিকদের বলেন, ইউরোপে সরাসরি যাত্রার এটি শুভসূচনা। আগামীতে ইউরোপ ও আমেরিকাসহ অন্যান্য দেশের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল শুরু হবে। এতে বিভিন্ন দেশের আমদানিকারকগণ স্বল্প সময় ও ভাড়ায় তাদের পণ্য পাবে। তাছাড়া বিভিন্ন শিপিং কোম্পানি ইউরোপের রুটে সরাসরি জাহাজ সংখ্যা বৃদ্ধি করবে বলে তিনি আশা পোষণ করেন। বন্দর চেয়ারম্যান বলেন, সরাসরি রুটে চলাচলকারী জাহাজসমূহকে বন্দরের জেটিতে অগ্রাধিকার বার্থিং সুবিধাসহ অন্যান্য প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে।
ইউরোপের ইতালির পথে সরাসরি এমডি সোঙ্গা চিতার যাত্রার প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ, রিফ লাইনের পরিচালক মো. আবুল কালাম আজাদ, বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।
বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপে একটি কনটেইনার পৌঁছাতে সময় লাগে ৪০ থেকে ৪৫ দিন। তাছাড়া ভাড়াও লাগে অনেক বেশি। কারণ বাংলাদেশের কনটেইনারসমূহ সিঙ্গাপুর, কলম্বো কিংবা মধ্যবর্তী অন্য একটি পোর্ট হয়ে তবেই ইউরোপগামী বড় জাহাজে ভর্তি করা হয়। এতে করে বাংলাদেশের বিশেষ করে তৈরি পোশাক খাতকে খুবই দ্রুততার সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য উৎপাদন সম্পন্ন করতে হয়। অনেক সময় সময়ের অভাবে তাদের তৈরি পোশাক বিমানে করে পাঠাতে হয়। যা খুবই ব্যয়বহুল। পরিসংখ্যান অনুযায়ী শুধু ইউরোপে বাংলাদেশের শতকরা ৬২ ভাগ তৈরি পোশাক রপ্তানি হয়ে থাকে। সব মিলিয়ে ইউরোপ ও আমেরিকায় দেশের তৈরি পোশাকের অধিকাংশ রপ্তানি হয়ে থাকে।
তাই দীর্ঘদিন ধরে গার্মেন্টস ব্যবসায়ীদের প্রত্যাশার কথা বিবেচনায় নিয়ে ইতালির রিফলাইন বাংলাদেশ থেকে ইউরোপে সরাসরি কনটেইনারবাহী জাহাজ চালুর সিদ্ধান্ত নেয় বলে রিফলাইনের চট্টগ্রামের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান।