পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সফররত জাতিসংঘের তিন সংস্থার প্রধানকে বাংলাদেশে কাজ কমিয়ে মিয়ানমারে কাজ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আপনাদের এখানে কাজ নাই, মিয়ানমারে যান। সংকট নিরসনে মিয়ানমারকে চাপ দিন। আপনারা ওখানে বেশি জোর দেন, এখান থেকে বিদায় হোন। মিয়ানমারকে বুঝান যাতে তারা তাদের লোক নিয়ে যায় এবং রাখাইনে একটি সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে জাতিসংঘ শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যান্টনিও ভিটোরিনো এবং জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্ক লোকক মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন।
সাক্ষাত্ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা কক্সবাজার থেকে কিছু রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করতে চাই। কারণ আগামী বর্ষা মৌসুমে ভূমিধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে। আর প্রাণহানির ঘটনা ঘটলে আমরা দায়ী থাকবো না। যারা বাধা দিচ্ছে তারা এর জন্য দায়ী থাকবে। আমরা জোর করে কাউকে ভাসানচরে নেবো না। সেখানে যারা যাবে তাদের জন্য ভালো হবে। আমরা দুই হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ভাসানচরে আবাসনের ব্যবস্থা করেছি। ওখানে গেলে রোহিঙ্গারা অর্থনৈতিক কাজকর্ম করতে পারবে।
পররাষ্ট্রমন্ত্রী তিন সংস্থার প্রধানকে রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধানের জন্য বিশ্ব জনমত তৈরির আহ্বান জনান। বৈঠকে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের ওপর যে বর্বর নির্যাতন চালিয়েছে ও অপরাধ সংঘটিত করেছে তার দায় তাদের নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, সমস্যার দ্রুত সমাধান না করা গেলে রোহিঙ্গা যুবকরা উগ্রবাদের দিকে ঝুঁকে পড়তে পারে। যা গোটা অঞ্চলের জন্য খারাপ হবে।