সঠিক সময়ে জন্মনিবন্ধন করে উপহার পেলেন অভিভাবকরা

নবজাতক শিশুর জন্মের ৩৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করে নগদ ৫০০ টাকা ও একটি গাছের চারা উপহার পাচ্ছেন অভিভাবকরা। জন্মনিবন্ধনে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর পৌরসভা। 

সোমবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ১৮ নবজাতকের অভিভাবকদের হাতে নগদ অর্থ ও ভবিষ্যৎ বিমা হিসেবে গাছের চারা প্রদান করা হয়। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে অভিভাবকদের মধ্যে নগদ অর্থ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। 

পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন, শিশু জন্মের প্রথমে টিকা দিয়ে কার্ড সংগ্রহ করবেন। এরপর পৌরসভার বাসিন্দারা ৩৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করুন। উল্লিখিত দিনের মধ্যে নিবন্ধন করলে প্রত্যেককে টাকা ও গাছের চারা পুরস্কার দেওয়া হবে। গাছটি বাড়ির আঙিনায় রোপণ করবেন। আপনার শিশুও বড় হবে। গাছটিও বড় হতে থাকবে। এ গাছটি আপনার শিশুর জন্য বিমা হয়ে থাকবে।