টাঙ্গাইলের মির্জাপুরে অসময়ে কয়েক দফা বৃষ্টি ও শৈত্যপ্রবাহে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ নানা রোগ। শিশুদের পাশাপাশি বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। হাসপাতাল-ক্লিনিকগুলোতে এসব রোগীদের উপচে পড়া ভিড়।
মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতালে গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের উপচে পড়া ভিড়। বহির্বিভাগে গিয়ে দেখা গেছে কয়েক শতাধিক অভিভাবক ঠান্ডাজনিত রোগে অসুস্থ শিশুদের নিয়ে চিকিত্সার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। বহির্বিভাগে চিকিত্সা নিতে আসা এক শিশুর মা বলেন, তার মেয়ের বেশ কিছু দিন ধরে জ্বর, ঠান্ডা ও ডায়রিয়া। বাড়িতে ভালো না হওয়ায় চিকিত্সার জন্য এখানে এসেছেন।
এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক (পেডিয়াটিকস) এমপিএইচ (নিপসম) ডা. এ বি এম আলী হাসান বলেন, শৈত্যপ্রবাহের কারণে শিশুসহ বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের জ্বর, শ্বাসতন্ত্র, নিউমোনিয়া, ব্র্রংকিউলাইটিস, ডায়রিয়া ও বড়দের অ্যাজমাসহ নানা রোগ দেখা দিচ্ছে। হাসপাতালের চিকিত্সকরা রোগীদের যত্নের সঙ্গে চিকিত্সাসেবা দিয়ে যাচ্ছেন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন, উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন স্বাস্থ্য উপকেন্দ্রে এবং মা শিশু কল্যাণ কেন্দ্রে সরকারি হাসপাতালের চিকিত্সক, স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য সেবিকারা ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়াসহ কাজ করে যাচ্ছেন।