নারায়ণগঞ্জের বন্দরে বেকারি ও সার্জিক্যাল কারখানাসহ তিনটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে একজনকে আটকসহ অবৈধ সংযোগ ব্যবহারকারী এই তিন প্রতিষ্ঠানকে নগদ তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তাদের অনাদায়ে আরও তিন মাসের জেল প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার দাসেরগাঁও এলাকায় তৃতীয় দিনের মতো অভিযান পরিচালিত হয়।
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে সৌদিয়া বেকারি, তুলার কারখানা সরকার ট্রেডার্স ও নিরাময় সার্জিক্যাল। প্রত্যেক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় সার্জিক্যল প্রতিষ্ঠানে মালিক না থাকায় ম্যানেজারকে আটক করা হয়।
এসময় শতাধিক আবাসিক সংযোগের একটি মূল সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে অবৈধ সংযোগ ব্যবহারের কথা স্বীকার করে তাদের কেউ কেউ অভিযোগ করেন, তিতাসের অসাধু কিছু কর্মচারীর সঙ্গে জড়িত রয়েছেন। তাদের যোগসাজসেই অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস চুরি হচ্ছে।
বিষয়টি আমলে নিয়ে তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, অবৈধ সংযোগ প্রদানে তিতাসের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত দুই দিনে উপজেলার গোকূলদাশেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাতটি বড় প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।