রাজধানীর গুলশানের শাহজাদপুরে মায়ের হাত ধরে সড়ক পার হওয়ার সময় সন্তানের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে মা নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ বছর বয়সি মেয়ে।
গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাদপুর বাঁশতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জোয়াফিয়া বিনতে জাকির মাইশাকে মগবাজারের রাশমনো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার ওসি আবুল হাসান জানান, গতকাল দুপুরে শাহজাদপুর এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে রোকেয়া বেগম (৩৮) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, রোকেয়া বেগম তার মেয়ের হাত ধরে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে বৈশাখী পরিবহনের একটি বাস রোকেয়া বেগমকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে। তবে পালিয়ে যায় চালক । নিহত নারীর স্বামীর নাম জাকির হোসেন। পরিবার নিয়ে তিনি দক্ষিণ বাড্ডা এলাকায় থাকতেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত করার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে শনিবার রাতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত রিকশাচালক হাসান মিয়া গতকাল রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হাসানের ভাই হারুন রশিদ পুলিশকে জানান, হাসান মিয়া গার্মেন্টসে চাকরির পাশাপাশি রিকশা চালাতেন। শনিবার রাতে উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের পশ্চিম খামারপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্স উলটো দিক থেকে এসে তার রিকশাটিকে ধাক্কা দিলে হাসান গুরুতর আহত হন।