ফোনে চিকিৎসকের পরামর্শ, বিল ৯ হাজার টাকা: প্রতিবাদ হাসপাতাল কর্তৃপক্ষের

গত ৪ ফেব্রুয়ারি ইত্তেফাক অনলাইনে ‌নরমাল ডেলিভারিতে ফোনে চিকিৎসকের পরামর্শ, বিল ৯ হাজার টাকা! শিরোনামে প্রকাশিত সংবাদে উল্লেখিত অধিকাংশ তথ্য সঠিক নয় বলে দাবি করেছে কক্সবাজার ডিজিটাল হাসপাতাল কর্তৃপক্ষ।

ইত্তেফাক কক্সবাজার অফিসে পাঠানো একটি প্রতিবাদ লিপিতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব ইফতেখার দাবি করেন, আমাদের একজন প্রসূতির ডেলিভারি বিলে ডাক্তার ফি ৯ হাজার টাকা নেয়ার অভিযোগটি সঠিক নয়। এ প্রসূতি হতে হাসপাতালে বিল নেওয়া হয়েছে মাত্র ২২শ টাকা।

প্রতিবাদ লিপেতে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, মূল বিষয় হলো হাসপাতালে ডেলিভারির জন্য ভর্তি অধিকাংশ রোগী আসেন কনসালটেন্ট রেফারেন্সে। কিন্তু ওইদিনের রোগী কারো রেফারেন্সে আসেননি। ভোরে বাচ্চার পজিশন জটিল অবস্থা নিয়ে রোগী হাসপাতালে এলেও ডা. ইফফাত সানিয়ার তদারকিতে নরমাল ডেলিভারি হয় এবং সকালে তিনি হাসপাতালে এসে প্রসূতি ও বাচ্চাকে দেখে যান। কিন্তু প্রসূতির ৫ম সন্তানও মেয়ে হওয়ায় রোগী স্বামী বাচ্চা ঘরে নিতে এবং হাসপাতালের বিল পরিশোধে অনীহা প্রকাশ করে মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে, প্রসূতির বহিরাগত স্বজনরা এসে হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গণমাধ্যমকর্মীদের ভুল তথ্য সরবরাহ দেয়।  

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, রোগীর পরিবার হাসপাতালকেন্দ্রিক বিল ও ডাক্তারের শুধুমাত্র ভিজিট ফি দিয়েই হাসপাতাল ত্যাগ করেন। কিন্তু এ বিষয়টি সংবাদে ভুলভাবে উপস্থাপন হয়েছে। যা হাসপাতালের বিরুদ্ধে দুর্নামের সামিল। আমরা স্বাস্থ্য সেবাকে ধর্ম হিসেবে নিয়ে হাসপাতাল পরিচালনা করছি। তাই প্রকাশিত সংবাদে উল্লেখিত তথ্যে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান তিনি।

প্রতিবেদকের বক্তব্য: সংবাদটি ভুক্তভোগীদের বক্তব্যের উপর ভিত্তি করেই তৈরি। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যও সংযোজিত আছে। যার অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে।