দুবাইয়ের মরুভূমির বুকে ৫ হাজার মেগাওয়াট প্রকল্প

মরুময় দেশ সংযুক্ত আরব আমিরাত। এর উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। আরব আমিরাতের রয়েছে বিস্তীর্ণ মরুভূমি। আর এই মরুভূমির প্রচণ্ড সূর্যের তাপকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তি উত্পাদনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। এক লাখ ১৫ হাজার কোটি টাকার (১৩.৬ বিলিয়ন ডলার) মেগাপ্রকল্পের মাধ্যমে আগামী ২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যে দুবাইয়ের বিস্তীর্ণ মরুভূমির বুকে চলছে মহাযজ্ঞ।

দুবাই এনার্জি এন্ড ওয়াটার অথরিটি (ডিইডব্লিউএ) জানিয়েছে, সাত বছর আগে ২০১২ সালে শুরু হয়েছিল এই প্রকল্পের কাজ। কয়েকটি ধাপে দুবাইয়ের এই সোলার পার্কটির কাজ চলবে ২০৩০ সাল পর্যন্ত। ইতোমধ্যে প্রকল্পের প্রথম ও দ্বিতীয় ধাপের কাজ শেষ হয়েছে। পুরো কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলার। পুরো কাজ শেষ করতে পারলে ২০৩০ সাল নাগাদ ৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের যোগান দিতে পারবে এই সোলার পার্কটি। এই বিদ্যুত্ দিয়ে ১৩ লাখ বাড়ির বিদ্যুত্ চাহিদা মেটানো যাবে। একই সাথে বছরে ৬৫ লাখ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে। প্রথম দুই ধাপের কাজ শেষ হওয়ার পর জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ২১৩ মেগাওয়াট বিদ্যুত্। ২০২০ সাল নাগাদ তৃতীয় ধাপের কাজ শেষ হলে আরো ৮০০ মেগাওয়াট যুক্ত হবে। প্রথম তিন ধাপের জন্য সোলার পার্কটিতে সেমিকন্ডাক্টার পদার্থ ব্যবহার করে সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুত্ উত্পাদানের জন্য ফটো ভোল্টাইক (পিভি) প্রযুক্তি কাজে লাগানো হয়েছে।

কিন্তু চতুর্থ ধাপের বিদ্যুত্ উত্পাদনে জোর দেওয়া হয়েছে কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার (সিএসপি) প্রযুক্তির ওপর। এ লক্ষ্যে তারা বিশ্বের বৃহত্তম কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার (সিএসপি) টাওয়ার তৈরির কাজে হাত দিয়েছে। চতুর্থ ধাপের কাজ শেষ হলে সোলার পার্কটি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে। ফটো ভোল্টাইক প্রযুক্তিতে সূর্যের আলোর কিছু অংশ অপচয় হয়। কিন্তু সিএসপি প্রযুক্তিতে সূর্যের আলোকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ক্লিন এনার্জি প্রযুক্তির অধ্যাপক ক্রিস্টোস মার্কাইডস বলেন, সূর্যের আলো থেকে বিদ্যুত্ উত্পাদনে পিভিএস প্রযুক্তির চেয়ে বেশি কার্যকর সিএসপি প্রযুক্তি। সিএসপি প্রযুক্তিতে সূর্যালোক ছাড়াও বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব, এমনকি রাতের বেলাও এটি কাজ করবে। মূলত সিএসপি টাওয়ারটি তাপ ধরে রাখবে। এই টাওয়ারটি অন্তত ১৫ ঘণ্টা তাপ ধরে রেখে তা দিয়ে বিদ্যুত্ উত্পাদন করতে পারবে। এখান থেকে উত্পাদিত বিদ্যুত্ নিরবচ্ছিন্নভাবে ২৪ ঘণ্টাই সরবরাহযোগ্য। -সিএনএন