যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় ভার্চুয়াল মিডিয়া ট্যুর

‘কৃষি সমস্যা মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক একটি ভার্চুয়াল মিডিয়া ট্যুরের আয়োজন করে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্টেট ডিপার্টমেন্ট এর ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউসডিএ) এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর মাধ্যমে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে কৃষিতে জৈব প্রযুক্তি ব্যবহার, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উদ্ভাবনী প্রযুক্তির সম্ভাবনা, কৃষি প্রযুক্তির ওপর বিজ্ঞানভিত্তিক প্রতিবেদন তৈরিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। 

সূচনা বক্তব্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে মিস মেগান ফ্রানচিক বলেন, ‘নতুন নতুন এই  প্রযুক্তি  শস্যের জাত উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি কৃষক ও ভোক্তাদের জন্য যেমন টেকসই সমস্যা সমাধানের নিশ্চয়তা প্রদান করে তেমনি নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের খাদ্যের যোগান দিতে সহায়ক ভূমিকা রাখে।’

ভার্চুয়াল মিডিয়া ট্যুরটি পরিচালনা করেন ফার্মিং ফিউচার বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন।

বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এই ভার্চুয়াল মিডিয়া ট্যুরটি আয়োজন করা হবে, তারই ধারাবাহিকতায় এটি প্রথম ভার্চুয়াল মিডিয়া ট্যুর। 

ফার্মিং ফিউচার বাংলাদেশ ভার্চুয়াল মিডিয়া ট্যুরটি করতে সহায়তা প্রদান করছে। এই ভার্চুয়াল মিডিয়া ট্যুরটিতে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার আটজন জ্যেষ্ঠ সাংবাদিক অংশগ্রহণ করেন। 

‘কৃষিতে জৈবপ্রযুক্তি বিষয়ক গবেষণা এবং উন্নয়নঃ বাংলাদেশে এর প্রভাব, সমস্যা এবং সম্ভাবনা’ শীর্ষক সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রাখা হরি সরকার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অপর্ণা ইসলাম খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়া বিজ্ঞানভিত্তিক তথ্য প্রচারের ভূমিকা নিয়ে কথা বলেন তারা। 

অনুষ্ঠানে বগুড়ার বেগুন চাষি মিলন মিয়ার জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত ফসল উৎপাদনের ক্ষেত্রে তার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ।