ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনি সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পাভেল (১৮) নামে ১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ৭ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জে ৭ম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলীর সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী মতিউর রহমান বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পরাজিত প্রার্থীর সমর্থক রইছ উদ্দিন (৭০) হাজেরা খাতুন (৫০) নুরুল আমীন (৪৫) জুয়েল (২৫) ও পাভেল (১৮) আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে পাভেল চিকিৎসাধীন অবস্থায়মারা যান।
ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।