মাটি চাপায় নারী চা শ্রমিকের মৃত্যু

পাহাড়ি ছড়ার পারের টিলার নিচের সাদা মাটি সংগ্রহকালে মাটি ধসে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী পেশায় একজন চা শ্রমিক।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের ১৯নং সেকশনের কড়ইতল এলাকায় ঘটনাটি ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন।

চাতলাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী জানান, নারী চা শ্রমিকরা পাহাড়ি ছড়ার পাড়ের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করে বসত ঘর লেপেন। বুধবার শেফালী বাউরীর ১৯ নম্বর সেকশনের কড়ইতল এলাকার একটি পাহাড়ি ছড়া পাড়ের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করছিলেন। বেলা দেড়টার সময় মাটি সংগ্রহকালে টিলায় ধস নেমে তিনি মাটি চাপা পড়েন। এ সময় তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা মাটি সরিয়ে নিচ থেকে শেফালী বাউরীর মরদেহ উদ্ধার করে।