তালার আসাননগরে খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজ

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন খালের ওপর ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে স্কুলের ছাত্রছাত্রীসহ পথচারীরা পড়েছে বিপাকে। ব্রিজ ভেঙে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ভুক্তভোগী এলাকাবাসী ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে। 

সুনীল মণ্ডল, প্রদীপ মণ্ডল, মো. ইমাদুল ইসলাম, রাজীব সরদারসহ কয়েক জন পথচারী জানান, নগরঘাটা ইউনিয়নের আসাননগর গ্রামটির কোল ঘেঁষে বয়ে গেছে পানি নিষ্কাশনের একমাত্র খালটি। তিন যুগেরও বেশি সময় আগে খালের ওপর নির্মিত ব্রিজটির বর্তমান অবস্থা খুবই নাজুক। তারা আরও বলেন, ১৯৮৯ সালে আসাননগর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হলো এই ব্রিজ। ব্রিজটির ওপর দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পার হতে হয় ছাত্রছাত্রীদের। একটি ব্রিজ নির্মাণ হলে তারা নিরাপদে পথ চলতে পারবে।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের দুই ধারে কোনো রেলিং নেই বললেই চলে। প্লাস্টার খসে গিয়ে ব্রিজে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। খসে পড়ছে ব্রিজের তলার অংশ। মোটরসাইকেল উঠলেই ঝাঁকুনি দেয় পাকা এই ব্রিজ। জং ধরা রড বের হওয়ার কারণে আরো বিপজ্জনক হয়ে পড়েছে। 

আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্কুলের শিশুরা খেলাধুলা করার সময় অসাবধানতাবশত ব্রিজটির আশপাশে যায়। এ সময় জং ধরা ঐ লোহার রডে লেগে মাঝে মাঝে ব্যথাও পায়। তিনি দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 

নগরঘাটা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু বলেন, খালের ওপর ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আছে। ব্রিজটির বর্তমান অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। 

তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে ব্রিজের বর্তমান অবস্থা পরিদর্শন এবং কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।