‘বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং ও ব্রান্ডিংয়ে মানসম্মত গবেষণা জরুরি’

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন,  বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে ও ব্রান্ডিংয়ে মানসম্মত গবেষণা জরুরি। 

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে শিক্ষকদের গবেষণা খাতের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

 

শিক্ষকদের মাঝে বরাদ্দকৃত এই অর্থ নিজ নিজ গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকরা ভিন্ন ভিন্ন বিষয় ভিত্তিক গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক বরাদ্দ স্বরুপ এ সকল চেক গ্রহণ করেন। ইউজিসির বরাদ্দকৃত গবেষণা ফান্ড থেকে শিক্ষকদের এই অর্থ প্রদান করা হয়। 

 

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষণা খাতে আর্থিক বরাদ্দ চেয়ে আবেদনকারী বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

এদিকে একই দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ‘আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শুচিতা শরমিন। এতে নির্ধারিত বক্তা হিসেবে ছিলেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মনিরুল ইসলাম খান।

 

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক আরা তানজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের অপর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর। এ সময় অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি