ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদী ফকিরহাট বাজারে ট্রাকের চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা লরির ধাক্কায় ট্রাকের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন লরির চালকসহ ৩ জন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ট্রাকের চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের সোবহান আলীর ছেলে হযরত আলী (৩৫)। এ সময় তার সহকারী (হেলপার) একই এলাকার বাসিন্দা নয়ন (৩০) আহত হন। দুর্ঘটনায় আহত লরির চালক ও হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটা দিকে হাদী ফকিরহাট বাজারে চট্টগ্রামমুখী লেনে ট্রাকের চাকা বাস্ট হওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান এবং হেলপার গুরুতর আহত হয়। আহত অবস্থায় লরির চালক ও হেলপার অন্য গাড়িতে করে চলে যায়। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।