নওগাঁর মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক নারী। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রেমিক সাহাবুল হোসেন (সাহন)-এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, ২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে সাহাবুল হোসেন (সাহন) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী।
স্থানীয় বাসিন্দা ইউপি সদস্য বাবুল হোসেন, জালাল উদ্দীন, আকলেমা বিবি জানান, ১ দিন ধরে ওই নারী বিয়ের দাবিতে সাহনের বাড়িতে অনশন করছেন।
এদিকে পলাতক থাকায় এ নিয়ে সাহাবুল হোসেন সাহনের মন্তব্য পাওয়া যায়নি। তবে সাহনের মা পারুল বেগম বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি।’
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর হোসেন জানান, এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।