নড়াইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলের পল্লীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ডাবলু শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে  সদর থানার শালিখা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ডাবলু পুরাতন শালিখা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। তিনি ২০১২ সালের প্রথম দিকে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেন বলে তার স্বজনরা জানায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নড়াইল সদর থানার শালিখা গ্রামে  আধিপত্য বিস্তার নিয়ে ডাবলু গ্রুপ ও বিদ্যুৎ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এর জের ধরে শালিখা বাজারের একটি দোকানে টিভি দেখার সময় ডাবলু শেখের ওপর অতর্কিত ভাবে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা ডাবলু শেখের হাত, ঘাড় ও বুকে কুপিয়ে তাকে হত্যা করে।

আরও পড়ুন: জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যা করা হয়েছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম