গরু নিয়ে বিপাকে পুলিশ

উদ্ধারকৃত চোরাই দু’টি ষাড় গরু নিয়ে বিপাকে পড়েছে নালিতাবাড়ী থানা পুলিশ। প্রায় ২৭ দিন ধরে গরু দু’টিকে থানায় রেখে লালন-পালন করচ্ছে পুলিশ। গত ১৫ জানুয়ারি গরু দুটিকে উদ্ধার করা হয় টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার জনৈক আক্তার মিয়ার বাড়ি থেকে। এদের প্রকৃত মালিক এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বেশকিছু গরু চুরি হয়ে যায়। বিশেষ করে গত ২৬ ডিসেম্বর উপজেলার গাগলাজানি গ্রামের তিন গোয়াল থেকে দেশি-বিদেশি উন্নত জাতের ১০টি গরু চুরি করে নিয়ে যায়। ফলে চুরি যাওয়া গরু উদ্ধার এবং চোর চক্রকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। 

এরই একপর্যায়ে গত ১৫ জানুয়ারি টাঙ্গাইল জেলার ভূয়াপুর এলাকা থেকে চোরাই গরুসহ আন্তঃজেলা গরু চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে। পরে চুরি যাওয়া গরু মালিকদের আহ্বান করা হলে উদ্ধারকৃত ২টি গরুর প্রকৃত মালিক আজও পাওয়া যায়নি। এমতাবস্থায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ঈমান আলী আদালতের নির্দেশনা অনুযায়ী তা থানা হেফাজতে রেখে লালন-পালন করছেন।
 
থানার উপ-পরির্দশক ঈমান আলী জানান, লাল-কালচে রঙের একটি চার দাঁতাল ষাঁড় এবং লাল-কালচে একটি আদাঁতাল ষাঁড় যার মোট আনুমানিক মূল্য প্রায় এক লাখ ১০ হাজার টাকার বেশি। বর্তমানে মালিক খোঁজে না পাওয়ায় থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে তা নিতে অনুরোধ করা হয়েছে।