ফুলবাড়িয়ায় নদী খননের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুনঃখনন করা বানার নদের দুই তীরের মাটি ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে। এক মাস ধরে নদী তীরের মাটি ভেকু দিয়ে কাটলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। 

উপজেলার নাওগাঁও ইউনিয়নের বানার নদ ১০ কিলোমিটার পুনঃখনন করে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরের মাটি স্থানীয় ভেকু মালিকরা এক মাস ধরে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। 

নাওগাঁও ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে বয়ে যাওয়া বানার নদে গিয়ে দেখা গেছে, স্থানীয় এক ভেকু মালিক ভেকু দিয়ে মাটি কেটে তিনটি ট্রাকে করে ইটভাটায় সরবরাহ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাক ড্রাইভার জানান, আমরা ঘণ্টা হিসেবে মাটি পরিবহন করি। এই মাটি কাটা যায় কি না ভেকু মালিকই ভালো বলতে পারবেন।

সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, নদী তীরের মাটি যারা কেটে নেয় তারা প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পায় না। নদী তীরের মাটি কাটা বন্ধ না হলে নদী আবার ভরাট হয়ে যাবে। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুল করিম বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।