কচুয়ায় জনপ্রিয় হচ্ছে একই জমিতে এক সঙ্গে ভুট্টা ও শাকসবজি চাষ। উপজেলার বিভিন্ন স্থানে ভুট্টার সঙ্গে স্বল্পমেয়াদি শাকসবজি যেমন-লালশাক, ডাঁটা শাক, পালং শাক, মুগ শাক, সরিষা শাক, খেসারি শাক, ধনিয়া ইত্যাদি চাষ করে সফলতার মুখ দেখেছেন কৃষকরা। দুটি ভুট্টা গাছের মধ্যবর্তী ফাঁকা স্থানে এসব শাকসবজি আবাদ করা হচ্ছে। এতে স্বল্প খরচ ও সময়ে অধিক লাভবান হচ্ছেন তারা।
করইশ গ্রামের কৃষক আইয়ুব মিয়া বলেন, একই জমিতে আন্তঃফসল হিসেবে ভুট্টা, লালশাক, ধনিয়া, মুলা উৎপাদন করছেন। ইতিমধ্যে জমি থেকে কয়েক দফা লালশাক এবং ধনিয়া বিক্রয় করেছেন। তার মতে, এটি আর্থিকভাবে বেশ লাভজনক চাষাবাদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, প্রাথমিক অবস্থায় দুই গাছের মধ্যবর্তী স্থানে অনেক ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গার সুযোগটা কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদি শাকসবজি চাষ করা সম্ভব। এই পদ্ধতিতে কৃষকের বিঘাপ্রতি ৫-৬ হাজার টাকা অতিরিক্ত আয় করা সম্ভব হবে। এজন্য অতিরিক্ত কোনো সারেরও প্রয়োজন নেই। কচুয়া উপজেলায় প্রায় ১ হাজার ১৫০ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়। এই পদ্ধতিটি কৃষকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে।