১১ বছর পর ফিরে পেলেন হারানো দাঁত 

১১ বছর আগে হারিয়েছিলেন দাঁত। সেই হারানো দাঁত অবশেষে ফিরে পেয়েছেন একজন ব্রিটিশ নাগরিক। বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের কর্তৃপক্ষ ওই ব্যক্তিতে নকল দাঁত ফিরিয়ে দিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, পল বিশপ (৬৩) ২০১১ সালে স্পেনের বেনিডর্ম শহরে একটি রিসোর্টে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। এর পর তিনি একটি ডাস্টবিনে বমি করতে গেলে তার নকল দাঁত খুলে পড়ে যায়। 

পল বিশপ বিবিসিকে বলেন, আমরা যখন পরে বারে গেলাম, তখন আমার বন্ধু আমার দিকে ঘুরে জিজ্ঞেস করল আমার দাঁত কোথায়? 

পরে পল ও তার বন্ধু সেটিকে অনেক খোঁজাখুঁজির পরেও পাননি। উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টারের বাসিন্দা পল ১১ বছর পর তার দাঁত ফিরে পেয়ে হতবাক হয়েছেন। 

পল জানান, একটি ময়লার ভাগাড়ে তার দাঁতগুলো পাওয়া যায়। পরে ডিএনএ সংগ্রহ করে ব্রিটিশ নাগরিকদের রেকর্ডসের সঙ্গে মিলিয়ে তাকে খুঁজে বের করা হয়। 

পল বিশপ জানান, আবর্জনার মধ্যে এই নকল দাঁতের পাটি খুঁজে পায় স্পেনের কর্তৃপক্ষ।

১১ বছর আগে হারিয়ে ফেলা নকল দাঁতের পাটি ফিরে পাওয়ার ঘটনায় বিস্মিত হয়েছেন পল বিশপ। তিনি এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন।