বাঞ্ছারামপুরে কালা মিয়ার পা কেটেছে স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি

বাঞ্ছারামপুরের রূপসদী গ্রামের কালা মিয়ার পা কাটা মামলার তিন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলো বহিস্কৃত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল বাসার (৩৭), তার ভাই মনির হোসেন মেম্বার (৫৫) ও দেলোয়ার হোসেন (৫০)। গতকাল গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে ঢাকা সানারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে বাঞ্ছারামপুর থানা পুলিশ।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‌‘আটকের পর ৭দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ‘গত ১৯ এপ্রিল শুক্রবার আবুল বাসার তার দলবল নিয়ে পূর্ব শত্রুতার জের হিসেবে কালা মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা কালা মিয়া (৪৫) ও তার ছেলে বিল্পবকে(১৯) টেটা বিদ্ধ করে এবং কালা মিয়ার ডান পা কেটে নিয়ে যায়। এ সময় তারা কালা মিয়ার ছেলের পায়ের রগও কেটে দেয়। ৮দিন অতিবাহিত হওয়ার পরও কাটা পা উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ কলম্বিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ৩৩

এ ঘটনায় কালা মিয়ার স্ত্রী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করে। কালা মিয়ার অবস্থা আশংকাজনক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে তার স্ত্রী সালমা বেগম জানিয়েছেন।