ইউক্রেন সীমান্তের কাছে আরও সেনা মোতায়েন করছে রাশিয়া। দেশটি যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এসব মন্তব্য করেছেন।
ব্লিংকেন বলেন, 'আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেকোনো সময় আগ্রাসন হতে পারে। এটা পরিষ্কার যে চীনে শীতকালীন অলিম্পিক চলাকালীন সময়ও তা হতে পারে।'
মেলবোর্নে কোয়াডভুক্ত দেশ অস্ট্রেলিয়া, ভারত, জাপানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমরা রাশিয়ান উত্তেজনার উদ্বেগজনক লক্ষণ দেখতে পাচ্ছি।
তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির মাধ্যমে রাশিয়ার সঙ্গে বিভেদ নিরসন করতে দৃঢ়ভাবে অটল। আমরা রাশিয়াকে যুক্ত করার জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করেছি।
এদিকে মার্কিন নাগরিকদের উদ্দেশে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ‘ইউক্রেনে রুশ হামলার ক্রমবর্ধমান হুমকি এবং করোনাভাইরাসের মহামারির কারণে সেখানে এখন কেউ ভ্রমণ করবেন না। আর যারা এখন ইউক্রেনে অবস্থান করছেন তাদের অবিলম্বে বাণিজ্যিক বা ব্যক্তিগত উপায়ে দেশটি ত্যাগ করা উচিত।’ তথ্যসূত্র: এনডিটিভি।