ফের সুদানের রাস্তায় বিক্ষোভকারীরা

সুদানে অক্টোবরের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলছে একের পর এক বিক্ষোভ ও রাজনৈতিক আটক। এর মধ্যে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টের প্রাসাদের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করে দেয়।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, খার্তুমের বিক্ষোভকারী বলেছেন, তারা সেনাবাহিনীর নেতৃত্বে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করছেন। অভ্যুত্থানের পর থেকে এই ২০০০-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বুধবার (৯ ফেব্রুয়ারি) সামরিক বাহিনীর সমালোচনাকারী, দুজন বিশিষ্ট রাজনৈতিক সমালোচক ওমর ইউসুফ ও ওয়াগদি সালিহকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে বিবৃতিতে সুদানের সামরিক বাহিনীকে অন্যায়ভাবে আটক সকলকে মুক্তি দেয়ার এবং জরুরী অবস্থা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।