ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সরকারি মডেল গার্লস হাই স্কুলের অডিটোরিয়ামে দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হামিদুর রহমান, পরিচালক অ্যাডভোকেট আবু তাহের, সহসভাপতি মানিক রতন শর্মা, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান বক্তব্য রাখেন এতে। ৩৯তম বার্ষিক সাধারণ সভাটি সাহিত্য একাডেমির উপদেষ্টা প্রয়াত আলোকচিত্রশিল্পী প্রাণতোষ চৌধুরীর স্মরণে উৎসর্গ করা হয়েছে।
দিনব্যাপী শতাধিক সদস্যের মিলনমেলায় মুখরিত ছিল মডেল গালর্স হাই স্কুল প্রাঙ্গণ। দুটি অধিবেশনে সাহিত্য একাডেমির বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যক্রম মূল্যায়ন ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রথম অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হামিদুর রহমান সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। শুরুতে দেশের প্রখ্যাত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব পাঠ ও তাঁদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সাহিত্য একাডেমির বিগত বছরের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন। প্রাণতোষ চৌধুরীর জীবনী পাঠ করেন সহসভাপতি অ্যাডভোকেট মানিক রতন শর্মা।
সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে প্রয়াত আলোকচিত্রশিল্পী প্রাণতোষ চৌধুরীকে স্মরণ ও সাংগঠনিক কার্যক্রম মূল্যায়ন করেন বিশিষ্টজনেরা। এছাড়াও সাহিত্য একাডেমির ৪০ বছর উদযাপন উপলক্ষে পরিকল্পনা গ্রহণ করা হয়।