ভাণ্ডারিয়ায় ছাত্রদলের কমিটিতে বিবাহিতরা 

ভাণ্ডারিয়ায় তথ্য গোপন রেখে আহ্বায়কসহ কয়েকটি পদে বিবাহিতদের দিয়ে গঠন করা হয়েছে ছাত্রদলের উপজেলা আহ্বায়ক কমিটি। নবগঠিত ছাত্রদলের সদস্যসচিব অর্থ লেনদেনের দায়ে সদ্য অব্যাহতি পাওয়ার পর সদস্যসচিব পদে পুনরায় বহাল থাকার প্রতিবাদে ও তাদের অব্যাহতির দাবিতে উপজেলা ছাত্রদলের একাংশ সংবাদ সম্মেলন করে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ভাণ্ডারিয়া সাংবাদিক কল্যাণ ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মৃধা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহিরাজ শিকদার, রিয়াজ হোসেন, গাজী উজ্জল প্রমুখ।

লিখিত বক্তব্যে জানানো হয়, দুই বিয়ের তথ্য গোপন রেখে নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন মাহফুজ ইসলাম উজ্জল ও যুগ্ম-আহ্বায়ক হয়েছেন রিয়াজুল ইসলাম। অপর দিকে ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে শিক্ষাগত যোগ্যতা নেই, অর্থ লেনদেন, ছাত্রলীগ ও ছাত্র সমাজের লোকজন দিয়ে ইউনিয়ন কমিটি গঠনের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিক রেজাকে জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক সম্প্রতি অব্যাহতি দেন।

অবিলম্বে তথ্য গোপনকারী বিবাহিত ব্যক্তিদের ও আর্থিক লেনদেনের দায়ে অভিযুক্ত সদস্যসচিবকে অব্যাহতি দেওয়ার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের প্রতি আহ্বান জানানো হয়। লিখিত বক্তব্যে আরো জানান, ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশ হলো—অন্য কোনো দলের কর্মী ও বিবাহিত ছাত্র নেতা ছাত্রদলের ওয়ার্ড, ইউনিট বা উপজেলা কমিটিতে থাকতে পারবে না। তা হলে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগের প্রমাণ থাকলেও তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তারা প্রশ্ন রেখে অনতিবিলম্বে গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি বিলুপ্ত করে প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রদলের উপজেলা এবং ইউনিয়ন কমিটি গঠনের দাবি জানানো হয়। তা না হলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।