রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক রিকশা যাত্রীর ল্যাপটপ ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম মো. মতিউর রহমান ও মো. দিদার মুন্সি।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে উওরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুইটি চাকু, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, উওরা ১০ নম্বর সেক্টর এলাকায় দুই জন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে হাসান আল রিয়াদ নামে এক রিকশাযাত্রীর গতিরোধ করে। ভিকটিমকে ছুরি দেখিয়ে তার কাছে থাকা ল্যাপটপ ছিনিয়ে নেয় তারা। এ সময় ঐ এলাকার টহল পুলিশ দৌড়ে এসে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।