বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপে (বিডিনগ) আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামের একটি হোটেলে শুরু হয়েছে বিডিনগের দশম সম্মেলন। পাঁচ দিন ব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিডিনগ সম্মেলন ও কর্মশালার মাধ্যমে প্রযুক্তিবিদ এবং প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করছে। তথ্যপ্রযুক্তিতে বন্দরনগরী চট্টগ্রামের তরুণরা অগ্রণী ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের মূল প্রবন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল ইসলাম। তিনি আরও বলেন, বর্তমানে সাইবার অপরাধ দমনে ঢাকার একমাত্র সাইবার ট্রাইব্যুনাল যথেষ্ট নয়, এজন্য দেশে আটটি বিভাগে একটি করে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা জরুরি।
আরও পড়ুন: ‘রোহিঙ্গা ফেরত পাঠাতে বিভিন্ন এনজিও, সংস্থার অনীহা আছে’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিনগ বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান রাশেদ আমিন বিদ্যুৎ, বিডিনগ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এবং এপনিক পলিসি সিগের কো-চেয়ারম্যান সুমন আহমেদ সাবির, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক এবং বিডিনগ এর সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব।
আগামী ২৭-৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে আইপিভি৬ ডেপলয়মেন্ট এবং আইপি মাল্টিকাস্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। এবারের আয়োজনের সহ-আয়োজক হিসেবে আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে: www.bdnog.org/bdnog10 ওয়েবসাইটে।
ইত্তেফাক/অনি