করোনা প্রতিরোধে জারিকৃত বিধিনিষেধের বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরে চলা ট্রাকচালকদের বিক্ষোভ ‘ফ্রিডম কনভয়’-এর ফলে হিমশিম খাচ্ছে কানাডা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গত ৬ জানুয়ারি প্রথমে রাজধানী অটোয়ায় কারফিউ জারি করা হয়। এরপর স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) অন্টারিও প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্যান্য প্রদেশের শহরগুলোতেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।
এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ করা সম্পূর্ণ অবৈধ। এমন আদেশের পরও ট্রাকচালকরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে জরিমানা এবং এক বছরের সাজা ভোগ করতে হতে পারে।
আন্তর্জাতিক সীমান্ত, বিমানবন্দর, প্রধান মহাসড়ক এবং জনগণের চলাচলে বাধা সৃষ্টি করলে তাদের জন্য এই আদেশ প্রযোজ্য হবে বলেও জানান ট্রুডো। এমনকি চালকদের লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে অন্টারিও প্রদেশের প্রিমিয়াম ডগ ফোর্ড বলেছেন, আদেশের অধীনে গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্লক করা ‘বেআইনি’ বলে বিবেচিত হবে। এই অপরাধে প্রতিবাদকারীদের এক বছরের জেল এবং ১ লাখ কানাডিয়ান ডলার জরিমানা করা হতে পারে। সেই সঙ্গে এক বছরের সাজা।
চলমান বিক্ষোভের জেরে অটোয়া এবং একটি গুরুত্বপূর্ণ মার্কিন-কানাডা বাণিজ্য সংযোগ ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।