হেলথ টিপস

হারপিস আক্রান্তরা কি বিয়ে করতে পারবেন? 

ব্যাপক সংখ্যক বিবাহযোগ্য ছেলে-মেয়ে হারপিস রোগে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। বিশেষ করে হারপিসআক্রান্ত ফ্রেন্ড বা অন্যকোনো পার্টনারের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন বা নিবিড় সংস্পর্শে আসলে ছেলে বা মেয়ে যে কেউ সেক্সচুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনব্যাধিতে আক্রান্ত হতে পারে। শুধু হারপিস নয়, সব ধরনের যৌনব্যাধি প্রায় একই পদ্ধতিতে সংক্রমিত হয়। আজ আমরা হারপিস নিয়ে আলোচনা করব।

হারপিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক: হারপিস সিম্পেলেক্স ভাইরাস-১ এবং হারপিস সিম্পেলেক্স ভাইরাস-২। হারপিস-১ সাধারণত আক্রান্ত ব্যক্তির নিবিড় সংস্পর্শে এলে বা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস শেয়ার করলে বা আক্রান্ত ব্যক্তির সঙ্গে খাবার শেয়ার করলে হারপিস-১ হতে পারে। সাধারণত ঠোঁটে বিলিস্টার বা পানি ভর্তি দানা উঠতে পারে। 

আরপিস-২ বা জেনিটাল হারপিস একমাত্র আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে হতে পারে। এক্ষেত্রেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এমনকি উভয় পার্টনারের নিম্নাঙ্গ আক্রান্ত হতে পারে। আর সবচেয়ে বিপজ্জনক তথ্য হচ্ছে জেনিটাল হারপিসের কোনো পারমানেন্ট চিকিৎসা নেই। একবার জেনিটাল হারপিসে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তিকে সারাজীবন এই ভাইরাসের বাহক বা ক্যারিয়ার হিসেবেই জীবন-যাপন করতে হয়। বিয়ের পর স্বামী বা স্ত্রী একে অন্যকে আক্রান্ত করবে। এমনকি ভবিষ্যত্ সন্তানেরও আক্রান্ত হবার ঝুঁকি থাকবে। এমনকি আক্রান্ত ব্যক্তি অন্য কোনো পার্টনারের সঙ্গে মিলিত হলে তিনিও আক্রান্ত হবেন। মনে রাখতে হবে জেনিটাল হারপিস মরণব্যাধি এইডসের চেয়ে অধিক সংক্রমণের ক্ষমতা রাখে।

অনেক বিশেষজ্ঞ হয়তো ভিন্নমত দিতে পারেন, কিন্তু একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার ব্যক্তিগত অভিমত এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির উচিত সততার পথ বেছে নেওয়া। অর্থাৎ বিয়ের পূর্বে পাত্র বা পাত্রী যদি নিশ্চিত হন যে তিনি জেনিটাল হারপিস ভাইরাসে আক্রান্ত তা একে অন্যকে খোলামেলাভাবে জানানো উচিত। পাত্র বা পাত্রী যদি নির্মম সত্যটি জানার পরও একে অপরকে বিয়ে করতে রাজি হয় তাহলে বিয়ে করতে কোনো বাধা থাকার কথা না। অনেক ক্ষেত্রে আবার পাত্র-পাত্রী উভয়ই জেনিটাল হারপিস ভাইরাসে আক্রান্ত হন। 

এ ক্ষেত্রে বিয়ে করতে কোনো বাধা নেই। তবে সন্তান ধারণ এবং সন্তান প্রসবের আগে অবশ্যই এটেন্ডিং গাইনি ডাক্তারকে জেনিটাল হারপিসে আক্রান্ত হবার বিষয়টি জানাতে হবে। এছাড়া জেনিটাল হারপিস ভাইরাসে আক্রান্তদের অনেক ধরনের জটিলতা হতে পারে। এসব জটিলতা নিয়ে আর একদিন আলোচনা করব। লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ