বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন সময়ের অন্যতম রোমান্টিক জুটি মোমিন-স্মরণ। রোমান্টিক ধাঁচের তিনটি লিখেছেন হোসনে আরা জলি। মোমিন-স্মরণের জন্য বিশেষভাবে এই তিনটি গান লেখা বলে জানিয়েছেন জলি।
গত ৪ ফেব্রুয়ারি কয়েকজন বুদ্ধিজীবীর উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন গান তিনটির ভিডিও নির্মাতা এবং গীতিকার হোসনে আরা জলি। খালি গলায় মোমিন-স্মরণের গায়কীতে মুগ্ধ শ্রোতারা তাদের করতালি দিয়ে উৎসাহ দেন।
বিনোদ রায়ের সুরে গান তিনটি মৌলভীবাজার, সিলেটের বিয়ানীবাজারের মনোরম লোকেশানে চিত্রায়িত। শ্রোতা-দর্শকরা সময় নিয়ে শুনলে আমাদের সম্মিলিত প্রয়াস স্বার্থক হবে বলে জানান জলি।
মোমিন বিশ্বাস বলেন, আমি আর স্মরণ ‘তুমি আমি’ এবং ‘ভালোবাসার জয়’ শিরোনামের দু’টি ডুয়েট করেছি। দিবসভিত্তিক হিসেবে গান দু’টির কথা এবং সুর আমাকে মুগ্ধ করেছে। এ জন্য হোসেনে আরা জলির কাছে কৃতজ্ঞ।
স্মরণ তার প্রতিক্রিয়া বলেন, ভালোবাসা দিবসে মোমিনের সঙ্গে দু’টি ডুয়েট এবং একটি সোলো মিউজিক ভিডিও মুক্তি পাবে। একসঙ্গে তিন গান মুক্তি পাচ্ছে বলে কিছুটা নার্ভাস লাগছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ‘গানবাগান’ ইউটিউব চ্যানেলে গান ভিডিও তিনটি মুক্তি পাবে। এছাড়া শিল্পীদের নিজস্ব ফ্যান পেজেও মুক্তি দেয়া হবে।