উখিয়ায় ছিনতাই কালে ‘পলাতক’ পুলিশ সদস্য আটক

কক্সবাজারের উখিয়ায় ছিনতাইকালে নিরঞ্জন (২৪) নামের পুলিশের এক পলাতক সদস্যকে আটক করেছে জনতা। এ সময় পরিচয়পত্র দেখিয়ে পার পেতে চাইলেও তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ছিনতাইকালে পালংখালী এলাকা হতে তিনি জনতার হাতে ধরা পড়েন। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি, ছিনতাই করা দুটি মোবাইল ফোন ও পুলিশের একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ঘটনার সময় উপস্থিত স্থানীয়রা জানান, সিএনজিতে যাত্রী হিসেবে ওঠানোর নাম করে এক রোহিঙ্গার মোবাইল ছিনিয়ে নেন নিরঞ্জন। পরে চিৎকার শুনে আমরা এগিয়ে আসি। মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তাকে আটক করি। তিনি আইডি কার্ড দেখিয়ে নিজেকে পুলিশের সদস্য বলে পরিচয় দেয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য মোহাম্মদ রফিক বলেন, বেশ কয়েকদিন ধরেই পুলিশ পরিচয়ে পালংখালীর বিভিন্ন এলাকায় একটি চক্র ছিনতাই করে আসছিলো। কিছুদিন আগেও আমার এলাকার স্থানীয় একজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় চক্রটি।

১৪ এপিবিএন অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক জানান, আটক নিরঞ্জন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট ১৪ এপিবিএনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ১০ সেপ্টেম্বর তিনি কর্মস্থল থেকে বিনানুমতিতে লাপাত্তা হয়ে যান। নিরঞ্জন গত পাঁচ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। বিনা অনুমতিতে দীর্ঘদিন পলাতক থাকায় এখন পর্যন্ত তিনবার তার স্থায়ী ঠিকানায় নোটিশ পাঠানো হয়। পলাতক থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (যার নং-০৭/২১) তদন্তাধীন রয়েছে। আটকের পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন ১৪ এপিবিএন অধিনায়ক।