‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২২’-এর ন্যাশনাল অ্যাওয়ার্ড বিভাগে জয়ী হয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী কাজী আরিফুজ্জামান।
‘ওয়ার্ক টুগেদার’ শিরোনামের একটি ছবির জন্য আরিফ মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন; ব্রাহ্মণবাড়িয়ার একটি ইট ভাটায় নারী ও পুরুষের একসঙ্গে কাজ করার দৃশ্য ধারণ করেছে ছবিটি।
ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন এবং ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান সনির যৌথ আয়োজনে প্রতিবছর হয় এ আলোকচিত্র প্রতিযোগিতা। এবারের আসরে বিশ্বের ২১১টি দেশ ও অঞ্চলের তিন লাখ ৪০ হাজার ছবি জমা পড়ে।
এতে ৬১টি দেশের এক লাখ ৭০ হাজারের বেশি আলোকচিত্রী উম্মুক্ত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, যাদের মধ্য থেকে ৬১ জনকে দেওয়া হয়েছে ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’।
‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২২’ বিষয়ে কাজী আরিফুজ্জামান ইত্তেফাক অনলাইকে বলেন, এই পুরস্কারটা পেয়ে আমার একটা স্বপ্ন পূরণ হল, এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। আমার এত দিনের পরিশ্রম ধীরে ধীরে সফলতার মুখ দেখছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিবিএ ও এমবিএ করা কাজী আরিফুজ্জামান এখন ব্রাহ্মণবাড়িয়া ল কলেজে আইন পড়ছেন, পাশাপাশি নিয়মিত চলছে ছবি তোলা। পরিচিত অনেকে তাকে চেনে রোজেল কাজী নামে।
ইত্তেফাক/এনএ