পোড়ানো হলো ২ লাখ কেজি গাঁজা

দুই লাখ কেজি গাঁজা পোড়ানো হয়েছে। ভারতের অন্ধ্র প্রদেশ থেকে জব্দ হওয়া এসব গাঁজা পুড়িয়েছে স্থানীয় পুলিশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

খবরে বলা হয়েছে, পুড়িয়ে ফেলা এসব গাঁজার আনুমানিক মূল্য  প্রায় ২০০ কোটি রুপি। এ নিয়ে অন্ধ্র প্রদেশের পুলিশ জানিয়েছে, গত কয়েক বছর ধরে উপকূলীয় এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

অন্ধ্র প্রদেশ পুলিশের মহাপরিচালক গৌতম সাওয়াং বলেন, ওডিশার ২৩ জেলা ও বিশাখাপত্তনমের উপজেলায় মাওবাদীরা গাঁজা চাষে উৎসাহিত করে। পুলিশ বিশেষ অভিযানে ৩১৩টি গ্রাম ও ১১টি উপজেলার গাঁজা ধ্বংস করেছে।

তিনি জানান, অন্ধ্র-ওডিশা সীমান্তে বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি দল গাঁজা চাষ ও মাদকের অবৈধ পরিবহনে জড়িত রয়েছে।

অন্ধ্র প্রদেশের পুলিশের তথ্য অনুযায়ী, গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার দায়ে ১৫শ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা করা হয়েছে  ৫৭৭টি। এছাড়া গাঁজা মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ৩১৪টি যান জব্দ করা হয়েছে।