নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরার মুক্তিযোদ্ধা বাজারে একটি ব্যাটারিচালিত আটোরিকশা ছিনতাই করে পালানোর সময় মো. জিয়া উদ্দিন পারভেজ (২৮) নামে এক পুলিশ কনস্টেবলকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে সাধারণ জনগণ।
জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টায় উপজেলার মুছাপুর ইউনিয়নে অটোরিকশা ভাড়া করে পুলিশ কনস্টেবল পারভেজ। এ সময় রিকশায় চালকের এক সহযোগীও ছিল। রিকশাটি চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে চালক ও তার সহযোগীর চোখে মরিচের গুড়া মেরে রিকশা নিয়ে পালানোর চেষ্টা করে পুলিশ কনস্টেবল। তবে মুক্তিযোদ্ধা বাজার পার হয়ে দ্রুত যাওয়ার সময় সেনাবাহিনী ক্যাম্পের সামনে গতিরোধক স্পিড ব্রেকারে পড়ে যায় রিকশাটি। এ সময় তার পকেটে থাকা মরিচের গুড়া রাস্তায় পড়ে গেলে এলাকার লোকজনের সন্দেহ হলে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ছিনতাইকারী পুলিশ কনস্টেবল জিয়া উদ্দিন পারভেজ বলেন, আমি দেনা পরিশোধ করার জন্য এ কাজ করেছি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক জিয়া উদ্দিন পারভেজ নোয়াখালী পুলিশ লাইনে কর্মরত। ৩ ফেব্রুয়ারি ১০ সিএল ছুটিতে চট্টগ্রামের মীরসরাই এর কচুয়া গ্রামের বাড়িতে যান। ছুটি শেষে রবিবার নোয়াখালী যাওয়ার পথে অসৎ উদ্দেশ্যে কোম্পানীগঞ্জে আসেন। তাকে পুলিশ লাইন থেকে বরখাস্ত করা হয়েছে এবং ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।