যুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় রিজার্ভের ৭০০ কোটি মার্কিন ডলার নিয়ে এবার আওয়াজ তুললেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এই সম্পদের অর্ধেক ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন তিনি।
হামিদ কারজাই বলেন, এ ধরনের সিদ্ধান্ত হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সাধারণ মানুষের ওপর এক ধরনের নির্মমতা। এই অর্থে হাত দিলে দেশের অর্থনীতি আরো দুর্বল হয়ে পড়বে।
তিনি বলেন, এই তহবিল কোনো সরকারের নয়। আফগানিস্তানের জনগণের। পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ফিরিয়ে দেওয়া উচিত| গত শুক্রবার জো বাইডেন এক নির্বাহী আদেশ সই করেন, যেখানে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার আফগান জনগণ পাবেন। আর বাকিটা যুক্তরাষ্ট্রের নাইন-ইলেভেন হামলায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
বাইডেনের নির্বাহী আদেশে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের একাধিক দেশ। সাবেক এই আফগান প্রেসিডেন্ট বলেন, মার্কিন হামলায় নিহত ওসামা বিন লাদেনকে আফগানরা নয়, বিদেশিরাই আফগানিস্তানে এনেছিলেন। ওসামা পাকিস্তান থেকে এসেছিলেন, আবার ঐ দেশে ফিরে নিহত হন| কিন্তু আফগান জনগণকে তার মূল্য দিতে হচ্ছে। জব্দ অর্থ ফেরত পেলে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হবে না। এটা আফগানদের ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
এক সংবাদ সম্মেলনে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ৯/১১ হামলায় আমেরিকায় যেসব মানুষ নিহত হয়েছে তার কষ্ট আফগান জনগণ অনুধাবন করতে পারে| অত্যন্ত ব্যথিতচিত্তে আমরা ঐসব পরিবারের প্রতি এখনো আমাদের সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমাদের এ ব্যথা থাকবে। কিন্তু দেশের এই দুর্যোগ মুহূর্তে দেশের রিজার্ভের ৭০০ কোটি ডলারের মধ্যে অর্ধেক নিয়ে গেলে তা হবে আমাদের জন্য অত্যন্ত অমানবিক। তাই আমরা প্রেসিডেন্ট বাইডেনকে তার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমাদের এই মুহূর্তে খুব কঠিন অবস্হায় পড়তে হবে।
তিনি বলেন, এরপরেও যুক্তরাষ্ট্র যদি তাদের পথে হাঁটে তাহলে তা হবে আফগান জনগণের প্রতি অন্যায় ও একধরনের নৃশংসতা।