চট্টগ্রামের সন্দ্বীপে দু’টি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই এলাকায় একটি ছাগলের খামারে আক্রমণ করে তিনটি মেছো বাঘ। পরে স্থানীয় লোকজন দু’টি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেন।
এ নিয়ে গত এক সপ্তাহে সন্দ্বীপে তিনটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে গত শনিবার উপজেলার মগধরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোল্লারহাট এলাকায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেন স্থানীয় লোকজন।
জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় সারিকাইত ইউনিয়নের চৌকাতলী বেড়িবাঁধ এলাকায় কয়েকটি ছাগলের খামারে তিনটি মেছো বাঘ একসঙ্গে আক্রমণ করলে স্থানীয়রা জড়ো হয়ে মেছো বাঘ দু’টিকে আটক করে। পরে এনজিও সংস্থা ‘নারী প্রগতি সাইক্লোন সেন্টার’-এ এনে মেছো বাঘ দু’টিকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী।
স্থানীয় একাধিক বাসিন্দা ইত্তেফাক প্রতিনিধিকে জানান, গত কয়েকদিন ধরে এলাকার কয়েকটি পরিবারের ছাগল, হাঁস ও মুরগী পাওয়া না যাওয়ায় এলাকার মানুষ চিন্তিত হয়ে পড়ে। এ ছাড়া রাতের অন্ধকারে অজ্ঞাত প্রাণীর হামলার শিকার হয়েছেন কয়েকজন বাসিন্দা। মেছো বাঘ দু’টি ধরা পড়ার পর বিষয়টি স্থানীয় ব্যক্তিদের মধ্যে খোলাসা হয়।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গত এক সপ্তাহে সন্দ্বীপে তিনটি বাঘকে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে।’
এ ব্যাপারে উপকূলীয় বন বিভাগের সন্দ্বীপ রেঞ্জের রেঞ্জ অফিসার মো. নিজাম উদ্দিন জানান, তিনি মেছো বাঘ মেরে ফেলার খবর পাননি। তবু ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিস্তারিত তথ্য জানবেন।