বায়ুদূষণের পাশাপাশি সবচেয়ে দূষিত এলাকা চিহ্নিত ও দূষণ কমাতে পরিকল্পনা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ইট পোড়ানোর বিকল্প পদ্ধতির উন্নয়ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এ রিটটি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
বিপজ্জনক ও অস্বাস্থ্যকর বায়ু থেকে জনগণকে রক্ষা করতে অ্যালার্ট পদ্ধতি প্রবর্তন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিবাদীদের আগামী চার মাসের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ বিষয়ে আগামী ২৬ জুন পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে।