‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে’

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু ট্যানেল, ৪ লেনের রাস্তা, ফ্লাইওভার, মেট্রোরেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে। 

শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু। ছবি- ইত্তেফাক

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকবাল হোসেন বলেন, যারা রাস্তায় ঘুমাতো, তারা এখন স্থায়ী বাড়িতে ঘুমায়। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে অসহায় অনেকে মাথা গোঁজার একটি নির্দিষ্ট ঠাঁই পেয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা সরকারই করে দিয়েছে। দক্ষিণাঞ্চলে পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে। করোনায় সারাবিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হলেও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়াস চালাচ্ছে সরকার। মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সব সূচকে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই এ অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এই দুর্গম চরাঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ এসেছে। এলাকা আলোকিত হয়েছে। এ এলাকায় এখন আর নদীভাঙন নেই। এ অঞ্চলের মানুষ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে।