তরুণ কলাম লেখক ফোরামের আয়োজন

আন্তঃশাখা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির শাখার বিতার্কিক দল এতে অংশ নেয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় সংগঠনের সম্পাদকীয় পর্ষদ সদস্য নিজাম উদ্দিনের সঞ্চালনায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলাম প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন। চ্যাম্পিয়ন দলের দলনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী মাঈন আল মুবাশ্বির। অপর দুই সদস্য হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা নিশি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান মাহাদী।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আন্তঃশাখা বিতর্ক প্রতিযোগিতা-২০২১ এ ৩ পর্বের প্রতিযোগিতায় অংশ করে ১০টি শাখা। চূড়ান্ত পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়। সেরা বক্তার খেতাব অর্জন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক তানভীর আহমেদ তালুকদার।