বিনোদন ডেস্ক
বছরে দু-একবার তাঁকে নিয়ে বিতর্ক না তৈরি হলে যেন এই সুপারস্টারের নামের স্বার্থকতা মেলে না। হ্যাঁ, পাঠক, সালমান খানের কথাই বলছি। বরাবরের ঠোঁট কাটা স্বভাবে খেয়াল-খুশির বাদশা সাংবাদিকদের সাথে জটলা পাকিয়েছেন। তবে এই ঘটনা আজ নতুন নয়, তাই সালমান ভক্তরা এবারের বিষয়টা ডাল-ভাত হিসেবেই দেখছেন।
কোর্টের মামলা, থানা-পুলিশ এসব যেন বলিউড সুপারস্টার সালমান খানের পিছুই ছাড়তে চায় না। আবারো বিপাকে পড়েছেন সালমান খান। এবার এই নায়কের ওপর চটেছেন এক সাংবাদিক। সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন তিনি।
সালমানের বিরুদ্ধে মুম্বাইয়ের ডিএন নগর থানায় অভিযোগ দায়ের করেন সেই সাংবাদিক। বর্তমানে ‘দাবাং থ্রি’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাল্লু ভাই। সেই কাজের ফাঁকেই মুম্বাইয়ের রাস্তায় ঘুরছিলেন সাইকেল নিয়ে। বুধবার সকালে সালমান যখন মুম্বাইয়ের লিঙ্কিং রোডে সাইকেল চালাচ্ছিলেন তখন অশোক শ্যামল পাণ্ডে নামের ওই সাংবাদিক গোপনেই কিছু ছবি তুলছিলেন তাঁর। তখন সালমান তাঁর মোবাইল কেড়ে নেন। গালি-গালাজও করেন। আর এর ভিত্তিতেই ভাইজানের বিরুদ্ধে ডিএন নগর থানায় অভিযোগ দায়ের করেন শ্যামল পাণ্ডে। জানা গেছে, সালমানের দেহরক্ষীও পাল্টা এক অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিকের বিরুদ্ধে। শ্যামল পাণ্ডে নামের ওই সাংবাদিক নাকি বিনা অনুমতিতেই একের পর এক সালমানের ছবি তুলছিলেন। এরই ভিত্তিতে পাল্টা অভিযোগ দায়ের হয় ওই সাংবাদিকের নামে।