নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেঙ্গুরায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন সবুজ মিয়া (৩৫) এবং অপরজন হচ্ছেন ইনসান (৩০)। নিহত সবুজ মিয়া নেত্রকোনা পুলিশ লাইন্সে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। দু’জনের বাড়ি শেরপুর জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ সাত শহীদের মাজার থেকে ফেরার পথে তারা বিকাল ৫টার দিকে ফুলবাড়ি এলাকায় পৌঁছাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেতেই দু’জন ঘটনাস্থলেই নিহত হন। কলমাকান্দা থানার এএসআই নাজমুল হোসেন ঘটনাস্থলে গিয়ে সবুজ মিয়ার লাশ শনাক্ত করেন।
কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হচ্ছে।’