৪ দিন আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ

রাজধানীর লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে ৪ দিন আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘ অসুস্থ অবস্থায় এক তরূনীকে টিএসসি থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটি অসুস্থ। আগে তার চিকিৎসার দরকার। মেয়েটি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মেয়েটার বাড়ি লালবাগ কেল্লার মোড় এলাকায়। সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে।

তিনি বলেন, মেয়েটির অভিযোগ, প্রতিবেশী শুভ নামের এক ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু ওই তরুণী তার প্রস্তাবে রাজি হয়নি। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাসা থেকে বের হলে লালবাগের ১০ নম্বর গলিতে আসা মাত্রই একই এলাকার শুভ ও আলামিন দু’জন তাকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। সেখানে তারা তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পালাক্রমে ধর্ষণ করে। গত চারদিন ধরেই তারা এ নির্যাতন চালায়। অবশেষে আজ সন্ধ্যার দিকে সোনালি রঙের প্রাইভেটকারে করে ঢাবির টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ফেলে যায়।