স্টেম সেল পরিবর্তনে প্রথম বারের মতো এইচআইভিমুক্ত নারী

স্টেম সেল পরিবর্তন করে এইচআইভি ভাইরাসমুক্ত হয়েছেন লিউকোমিয়ায় আক্রান্ত এক মার্কিন নারী। গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গবেষকরা জানিয়েছেন, এইডস রোগের জন্য দায়ী এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক ভাবে সুরক্ষিত এক দাতার কাছ থেকে স্টেম সেল পাওয়া এই নারী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট তিন ব্যক্তি স্টেম সেল পরিবর্তনের মাধ্যমে এই মারণ ভাইরাস থেকে মুক্তি পেলেন। খবর স্কাই নিউজের

মঙ্গলবার মার্কিন শহর ডেনভারে এক বৈজ্ঞানিক সম্মেলনে ঐ নারীর সুস্থ হয়ে ওঠার ঘটনা প্রকাশ করা হয়। মধ্য বয়সী এই নারী ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাসমুক্ত রয়েছেন। আন্তর্জাতিক এইডস সোসাইটির সভাপতি শ্যারন লিউইন জানান, এর আগে সফলতা আসলেও নারীদের ক্ষেত্রে এটাই প্রথম। এই সাফল্য এসেছে যুক্তরাষ্ট্রের বড় এক গবেষণায়। গবেষণাটি চালিয়েছেন ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের ডা. উবোনে ব্র্যাসন এবং জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের ডা. দেবরা পারসদ। এই দুই বিজ্ঞানীর নেতৃত্বে ২৫ জন এইচআইভি আক্রান্তের কর্ড ব্লাডের মাধ্যমে স্টেম সেল থেরাপি করা হয়।